সিলেটের পাথর কোয়ারিগুলো টানা ছয় বছর বন্ধ থাকায় পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক শ্রমিক কাজ হারিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, কোয়ারি আবার চালু হলে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে এবং পাথর আমদানির ওপর নির্ভরতাও কমবে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২০ সালের আগে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন কোয়ারি থেকে বছরে প্রায় ৫০ লাখ টন পাথর তোলা হতো, যা দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ মেটাত বলে তাঁদের দাবি। কোয়ারি বন্ধের পর এখন বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করতে হচ্ছে।
কোয়ারি বন্ধের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতেও। লোকসান ও ব্যাংকঋণের চাপে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতভিটা হারিয়েছেন। কাজ না পেয়ে অনেক শ্রমিক জীবিকার খোঁজে বিদেশে পাড়ি দিচ্ছেন।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের আগে কোয়ারি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনি জটিলতার কারণে তা তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও চলতি মৌসুমেই পাথর উত্তোলন শুরুর আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে সিলেট ও সুনামগঞ্জের কোয়ারিগুলো সীমিত পরিসরে আবার ইজারা দেওয়া যায় কি না, তা পর্যালোচনায় গত ৭ মে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার। সিলেটের বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন এই কমিটি কোয়ারি এলাকা পরিদর্শন করে ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।
সিলেট বিভাগীয় পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা বৈধভাবে পাথর তোলার সুযোগ চেয়ে আসছেন। কোয়ারি বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ী ঋণের চাপে বিপর্যস্ত। পরিবেশ ও আইন মেনে দ্রুত কোয়ারি চালুর দাবি জানান তিনি।