কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেতুর দুই প্রান্তের টোল প্লাজা দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিত পারাপার হয়েছে। তবে অন্য দিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে।
পুলিশ ও পদ্মা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪ হাজার ৭৭৫টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭১ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়া অভিমুখে পার হয়েছে ১ হাজার ৮১৩টি যানবাহন; এ প্রান্তে টোল আদায় হয়েছে ২৬ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরা অভিমুখে পার হয়েছে ২ হাজার ৯৬২টি যানবাহন, টোল আদায় হয়েছে ৪৪ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
লকডাউনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেতুর দক্ষিণ প্রান্ত ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন পয়েন্টে টানা দুই দিন ধরে তাঁরা অবস্থান করছেন বলে জানা গেছে।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দিচ্ছিলেন। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে লকডাউনের নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলেও তাঁর ভাষ্য।
লকডাউন কর্মসূচির কারণে এখন পর্যন্ত সেতুতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতুর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।