অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনা গত ১০ দিনে দেশের ৪০টি জেলায় ছড়িয়ে পড়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি নোটের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৭২টি শাখা কার্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে।
নোটে বলা হয়েছে, এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি। সর্বোচ্চ আটটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলায়, দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি গাজীপুরে। সাতটি ঘটনায় হামলাকারীরা আগুন দিতে বা ভেতরে ঢুকতে চেষ্টা করেও সফল হয়নি। তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে, দুটিতে কেরোসিন ব্যবহার করা হয়েছে এবং একটিতে পাথর ছোড়া হয়েছে।
ব্যাংকের হিসাবে, ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার। এর মধ্যে বুধবার দিবাগত রাতে ঘটেছে সর্বোচ্চ ৩০টি, আগের দিন ১৯টি। এর আগে ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি ঘটনা ঘটে।
নোটে উল্লেখ আছে, যেসব দিনে এসব ঘটনা ঘটেছে, সেদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। ১০ নভেম্বর ছিল নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট। বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ পালনের ঘোষণা ছিল।
মাঠপর্যায়ের শাখার পাশাপাশি কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।
নিরীক্ষার তথ্য অনুযায়ী, সাতটি ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।
ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর আঘাত নয়; এতে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা ও দীর্ঘদিনের আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্তৃপক্ষ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়।