রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বেড়া থানার ওসিকে প্রত্যাহার, নতুন ওসি হিসেবে গোলাম মোস্তফা; সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর জায়গায় পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। প্রত্যাহারের পর এলাকার পরিস্থিতি থমথমে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার বেড়া থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর জের ধরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয়। একই সঙ্গে দুই পক্ষের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বৃশালিখা মহল্লায় টুকুর বাড়ির সামনে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বৃশালিখা এলাকার আওয়ামী লীগ সমর্থক এবং সওদাগরপাড়া এলাকার বিএনপি নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে জিসান (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা সংঘর্ষে দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং মানুষ আতঙ্কে ঘরবন্দি রয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষের সময় পুলিশ সুপার জানিয়েছিলেন, তাঁরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।