সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব ও অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি অভিযোগ আছে এমন এলাকায় ডিলারশিপ স্থগিত রাখতে বলেছে এবং সরেজমিন পরিদর্শনে উপকমিটি গঠন করেছে।

সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব, অর্থ লেনদেনসহ নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বৈঠকে সারের মজুত, বিতরণ ও ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, কমপক্ষে তিনজন সদস্য ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। তাঁদের কেউ কেউ বলেন, টাকার বিনিময়ে আওয়ামী লীগের সমর্থকদের ডিলারশিপ দেওয়া হয়েছে। বিরোধী দলীয় এক সদস্যের অভিযোগ, দলীয় পরিচয়কে প্রধান বিবেচনায় নিয়ে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম বৈঠক শেষে বলেন, কিছু জায়গায় অনিয়মের অভিযোগ এসেছে এবং সুনির্দিষ্ট অভিযোগ আছে এমন স্থানে আপাতত ডিলারশিপ স্থগিত রাখতে কমিটি বলেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ডিলারশিপ অস্থায়ী ভিত্তিতে দেওয়া হয়েছে এবং তিন মাসের মধ্যে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ক্ষেত্রে এখনো চুক্তি হয়নি, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখতে হবে; যেখানে চুক্তি হয়ে গেছে, সেখানে অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোরের অভিযোগগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার সুপারিশ করা হয়েছে। সারের অবৈধ মজুত ও অনিয়ম সরেজমিনে দেখতে মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মো. রোকন উদ্দীন ও সাবিরা সুলতানাকে সদস্য করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি আরও জানান, সারের পর্যাপ্ত মজুত আছে, এমনকি প্রয়োজনের চেয়ে উদ্বৃত্ত আছে; মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে কমিটি সন্তোষ প্রকাশ করেছে।