বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গাইবান্ধার বোনারপাড়া স্টেশন এলাকায় রেলের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ শুরু, প্রথম দিনে ৫০ স্থাপনা অপসারণ

সাঘাটা উপজেলার বোনারপাড়ায় পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় অভিযান চলছে; সব অবৈধ স্থাপনা না সরা পর্যন্ত চলবে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা সরাতে অভিযানের প্রথম দিনেই ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে স্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলমান ছিল। অভিযানকে ঘিরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষকে সহায়তা করছেন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন। প্রথম দিনে এখন পর্যন্ত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, রেলের জায়গা অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। স্টেশন-সংলগ্ন এলাকায় রেলের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘদিনের এসব দখল উচ্ছেদের মধ্য দিয়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।