মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ চার শতাধিক কৃষকের; প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

সোমবার বিকেলে হাতনাবাদ এলাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে; সার সংকট নিয়ে ডিলার ও স্থানীয় নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে এবং প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর কৃষকেরা অবরোধ তুলে নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তাঁরা কৃষকদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দেন। এরপর কৃষকেরা মহাসড়ক ছেড়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান রয়েছে। মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান ওই সার বিক্রি করেন। বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরও ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। মজুতের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন না—এমন আশঙ্কা থেকেই তাঁরা সড়ক অবরোধ করেন বলে জানা গেছে।

ডিলার হাবিবুর রহমান দাবি করেন, সারের কোনো সংকট নেই। তাঁর অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের জন্য আবেদন করেও পাননি; ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ কারণেই পরিস্থিতি ঘোলাটে করতে ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন বলে অভিযোগ করেন ডিলার। তবে মাহফুজুর রহমান ডালিম এ অভিযোগ অস্বীকার করেছেন।

আমন ধান কাটার মৌসুম শেষ হয়ে রবি মৌসুমের চাষাবাদের সময় এগিয়ে আসায় এ এলাকায় সারের চাহিদা বেড়েছে। কৃষকদের অভিযোগ ও ডিলারদের বক্তব্য তদন্ত করে দেখা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।