নেত্রকোণা সদর উপজেলায় নিখোঁজ নাজু আক্তার (৩৪) এর লাশ সাত দিন পর নদীর তীর থেকে মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামের নদীর তীর থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, প্রায় এক বছর আগে নুরুল আমীন ও নাজু আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর আদালতে তাদের একটি ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে। নুরুল আমীন অপর এক মামলার রায়ে স্ত্রীকে খোরপোষ দিয়ে আসছিলেন, তবে গত তিন মাস ধরে টাকা না দেওয়ায় গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নাজু আক্তার তাকে ফোন করেন।
টাকা দেওয়ার কথা বলে নুরুল আমীন নাজু আক্তারকে নেত্রকোণা শহর থেকে নগুয়া গ্রামে নিয়ে যান। সেখানে নদীর তীরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখেন। পরে তিনি নাজু আক্তারের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মালামাল গ্রামের একটি শ্মশানের পাশে মাটিতে পুঁতে ফেলেন।
নাজু আক্তার নিখোঁজ হওয়ার পর তার ভাই শুভ মিয়া গত ২২ সেপ্টেম্বর থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ শুক্রবার দুপুরে নুরুল আমীনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুরুল আমীন হত্যার কথা স্বীকার করেন।
তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুঁতে রাখা লাশ উদ্ধার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করে। উদ্ধারকৃত লাশ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এবং নিহতের ভাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।