ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের নতুন র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬০তম স্থানে।
অন্যদিকে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৭৩ রানের ইনিংস খেলে তিনি ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন। প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের সেরা দশে জায়গা করে নেওয়া তিনি আফগানিস্তানের প্রথম ক্রিকেটার, যিনি টেস্ট র্যাঙ্কিংয়ের কোনো বিভাগে সেরা দশে উঠলেন। তাঁর রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ারসেরা ৭৩৫। ম্যাচটি ড্র হয়েছে।
এটি রহমতের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, চলতি বছরে দ্বিতীয়। সেরা দশে ঢোকার পথে তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে।
একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করা জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন নয় ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর র্যাঙ্কিংয়ে আরও পরিবর্তন এসেছে। সিরিজে ১৬ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ১১ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন। ক্যারিয়ারসেরা ৬৬৫ রেটিং পয়েন্টও পেয়েছেন তিনি।