জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আইন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে শুল্ক-কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দুই ভাগ করার বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে, এখন একে আইনি রূপ দেওয়ার পালা।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। নিকট ভবিষ্যতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি বলেন, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি, শুল্ক খাতেও প্রায় ১৪ শতাংশ। মূল্য সংযোজন কর বা ভ্যাটে প্রবৃদ্ধি কিছুটা কম। তবে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দেওয়ার নিয়মে ফেরত যাওয়ায় আদায় বাড়বে। তাঁর মতে, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ে গতি আসবে।
সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, জনগণের করের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন হওয়া প্রয়োজন। এ জন্য প্রতিটি প্রকল্প ও বিনিয়োগে সম্ভাব্য মুনাফা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। হিসাব-নিকাশ ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো ব্যয় করা হচ্ছে না বলে তিনি জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি একটি সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ। এর আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কার্যক্রম চলছে। একই সঙ্গে বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎস থেকেও অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। আইএমএফের সঙ্গে চলমান কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি কার্যদল কাজ করছে এবং আগামী জানুয়ারির মধ্যে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলেও তিনি জানান।