ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু যানবাহন ক্যাম্পাসে ঢুকতে পারবে। এর মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীদের গাড়ি, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং সরকারি গাড়ি।
নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে। প্রক্টরের কার্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৮ ও ৯ নভেম্বর টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণ হয়। সর্বশেষ ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে এবং কলাভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি বিস্ফোরণ ঘটে। এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।