রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

১ ডিসেম্বর রাজধানীতে সারা দেশের ৫০২ ইউএনওকে নিয়ে সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জেলা প্রশাসক সম্মেলনের আদলে হতে যাওয়া দিনব্যাপী এ আয়োজনে মাঠ প্রশাসনের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। দেশের ৫০২ জন ইউএনওকে অংশ নিতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে সাজানো এ আয়োজনে মাঠ প্রশাসনের নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন অগ্রাধিকার ও জনসেবা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা ইউএনওদের দিকনির্দেশনা দেবেন। উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সরকারি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর ডিসি সম্মেলন হলেও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ ধরনের সম্মেলন সাধারণত হয় না। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম বলেন, সম্মেলন আয়োজনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইউএনওদের মাঠ পর্যায়ে অনেক ধরনের দায়িত্ব পালন করতে হয়, তাই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

খসড়া কর্মসূচিতে উপজেলা পর্যায়ে সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয় রাখা হয়েছে। দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিও আলোচনায় থাকবে। স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকার কথা।

সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার উদ্যোগটিকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এতে সরকারপ্রধানের সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। তিনি জানান, এরশাদ সরকারের আমলেও দুবার ইউএনও সম্মেলন হয়েছিল, তখন প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে আয়োজন করা হয়। তাঁর মতে, বর্তমান সম্মেলন কয়েক ভাগে করা গেলে আরও ভালো ফল পাওয়া যেত।