চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসন—এই তিন পক্ষের পারস্পরিক আস্থা ও সমন্বয় ছাড়া স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে এবং চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষায় একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ ও ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে। অভিযোগ প্রমাণের আগেই চটকদার বা নেতিবাচক শিরোনাম করলে পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন হয় বলেও তিনি মন্তব্য করেন। হাসপাতালের ভেতরের সমস্যা সমাধানে বৈঠক ও গঠনমূলক আলোচনাই সবচেয়ে কার্যকর বলে মত দেন তিনি।
নিয়োগের বিষয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে; এর পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।
বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও সময় নির্ধারণের স্লট পদ্ধতি চালু করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ-ছয়টি বিশেষায়িত হাসপাতালে এই সেবা পুরোপুরি চালু হবে। এতে রোগীদের আর ভোররাত থেকে লাইনে দাঁড়াতে হবে না এবং দালালদের দৌরাত্ম্যও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া অতীতে নির্মিত হয়ে পড়ে থাকা পরিত্যক্ত ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দিয়ে চালু করা হবে। আগামী ১৩ তারিখ থেকে দেশব্যাপী নতুন করে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি।