নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ইনস্টিটিউটে এখনো ভর্তি আছেন ৯ জন। তাঁদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
গতকাল বুধবার বিকেলে ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯৪ শিক্ষার্থী চিকিৎসার জন্য এসেছিল। প্রথমে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়, তখন ভর্তি ছিল ১৮ জন। পরে আরও ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকায় মাদ্রাসাটি পরিদর্শনের সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখেন। তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসায় অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
আলী নূর খান জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। এ ছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হবে।
গত সোমবার রাত দেড়টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলার লাইব্রেরিতে আগুন লাগে। আগুন দ্রুত পাশের ইফতা বিভাগের কক্ষে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।