রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী তথা এ বিভাগের মানুষ হাসতে জানে, আবার প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানে। দেশ ও জাতির স্বার্থে প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও তারা পিছপা হয় না।’
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ কারও গোলামি করতে চায় না; বরং পারস্পরিক বন্ধুত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে বিশ্বের সঙ্গে এগিয়ে যেতে চায়।
রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছেন, যাঁরা দেশ ও রাজশাহীর সুনাম বিশ্বদরবারে তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ। প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট। এ ছাড়া রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ ও কোর্ট কলেজের অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চায় আরও উৎসাহ তৈরি হবে।