জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামও রয়েছেন।
ট্রাইব্যুনাল আগামী ১৫ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছে।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় ইয়ামিন শহীদ হন। সে সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাঁকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন বিচার শুরু হলো।
মামলার ১৯ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া, সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া এবং ঢাকা জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান। রোববার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বাকি ১৩ আসামি পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান। অভিযোগ গঠনের অর্থ আসামিরা দোষী প্রমাণিত হয়েছেন তা নয়; বিচারের পরবর্তী ধাপে সাক্ষ্য ও যুক্তির ভিত্তিতে ট্রাইব্যুনাল রায় দেবেন।