শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাগমারার খয়রার বিলে ৫০ বিঘা কৃষিজমিতে রাতে ভেকু দিয়ে পুকুর খননের অভিযোগ

রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নে বহুফসলি জমিতে রাতের আঁধারে খননযন্ত্র নামিয়ে পুকুর কাটার অভিযোগ তুলেছেন জমির মালিক ও এলাকাবাসী।

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রার বিলে প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয় জমির মালিক ও এলাকাবাসী জানান, গত পরশু রাত থেকে মজিদপুর মৌজায় ভেকু (খননযন্ত্র) দিয়ে খননকাজ চলছে।

এলাকাবাসীর অভিযোগ, দিনের বদলে রাতের আঁধারে মেশিন চালানো হচ্ছে। তাঁদের দাবি, মজিদপুর গ্রামের দুই ব্যক্তি এই খননের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

জমির মালিকেরা বলছেন, তাঁদের সম্মতি ছাড়াই ভয় দেখিয়ে জোর করে জমি দখল করে পুকুর কাটা হচ্ছে। একাধিক ভেকু আগেই ঘটনাস্থলে আনা হয়েছিল বলে তাঁরা জানান। এলাকাবাসীর ভাষ্য, ওই রাতে আরও পাঁচটি ভেকু নামানোর খবর পেয়ে তাঁরা উদ্বিগ্ন।

খয়রার বিলের এই জমি দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌসুমে ফসল ফলাতে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়দের আশঙ্কা, জমি পুকুরে পরিণত হলে কৃষি উৎপাদন কমবে, কৃষক পরিবারের জীবিকা ও খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং প্রাকৃতিক জলপ্রবাহ ও পরিবেশের ক্ষতি হবে।

জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা খনন বন্ধ, ভেকু অপসারণ, নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগকারীদের দাবি, জানানোর পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসী বলেন, তাঁরা কোনো সংঘাত চান না; পৈতৃক ও বৈধ কৃষিজমি এবং এলাকার পরিবেশ রক্ষাই তাঁদের লক্ষ্য। তাঁরা দ্রুত প্রশাসনিক পরিদর্শন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।