দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির অধীনে ছাত্রীদের শতভাগ উপবৃত্তি নিশ্চিতের পাশাপাশি বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বৃহস্পতিবার ট্রাস্টের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য সর্বজনীন, অর্থাৎ শতভাগ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।
শিক্ষার্থীদের কাছে অর্থ পৌঁছাতে সরকার-টু-পারসন (জি-টু-পি) পদ্ধতি অনুসরণ করা হবে। এ জন্য শিক্ষার্থী বা তাঁর অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
নির্দেশনা অনুযায়ী, যেসব ছাত্রী ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছেন অথবা যাঁদের নাম কর্মসূচির সফটওয়্যারে অন্তর্ভুক্ত আছে, তাঁদের নতুন করে ব্যাংক হিসাব খুলতে হবে না। অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে নির্ধারণ করতে হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।
বাবা বা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করেই অর্থ নেওয়া যাবে; প্রয়োজনে নতুন হিসাবও খোলা যাবে। হিসাব খোলার সময় অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির এনআইডি দিয়ে তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এসব নিয়মের ব্যত্যয় হলে জি-টু-পি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না বলে চিঠিতে জানানো হয়েছে।
শিক্ষার্থীর নামে খোলা স্কুল ব্যাংকিং হিসাবের ক্ষেত্রে বয়সসংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে তাঁর স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাস্টের নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।