বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

৪৩ বছর পর মা-বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে কক্সবাজারের চকরিয়ায় সেলিনা গোমেজ, ভাই দাবিকারীর ডিএনএ নমুনা সংগ্রহ

দেড় বছর বয়সে দত্তক হয়ে বিদেশে যাওয়া সেলিনা শৈশবের একটি সাদাকালো ছবি আর পুরোনো পাসপোর্ট নিয়ে স্বজনদের খুঁজছেন; ডিএনএ ফলাফলের অপেক্ষা।

শৈশবের একটি সাদাকালো ছবি, একটি পুরোনো পাসপোর্ট আর অন্যের মুখে শোনা নিজের শৈশবের কিছু গল্প—এটুকুই সম্বল নিয়ে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ। প্রায় সাড়ে ৪৩ বছর আগে হারিয়ে ফেলা মা–বাবাসহ পরিবারের সদস্যদের খুঁজতে তিনি এখন কক্সবাজারের চকরিয়ার নানা এলাকায় ঘুরছেন।

সেলিনা জানান, তাঁর জন্ম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে। দেড় বছর বয়সে তাঁকে দত্তক নেয় নেদারল্যান্ডসের একটি পরিবার। তিনি এখন দেশটির নাগরিক। দত্তক নেওয়া মা–বাবা হেলেনা গোমেজ ও বেনেডি গোমেজের কাছে আদর–যত্নে বড় হলেও নিজের জন্মদাতা মা–বাবাকে দেখার আকাঙ্ক্ষা থেকেই তিনি বারবার বাংলাদেশে আসছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর এসে মালুমঘাট, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিলি করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। পুরোনো পাসপোর্টে তাঁর জন্মতারিখ ১৯৮১ সালের ৭ জুলাই এবং জাতীয়তা বাংলাদেশি লেখা আছে।

সেলিনা বলেন, ‘আমাকে যে গল্পটি বলা হয়েছে, তা হলো, আমি মালুমঘাট থেকে এসেছি। একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে একটি পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। আসলে এটুকুই কেবল আমি জানি।’ তিনি জানান, সাত থেকে আট বছর আগে প্রথম বাংলাদেশে এসেছিলেন এবং এর মধ্যে কয়েকবার এসেছেন।

এবারের সফরে আবু সৈয়দ নামে একজন নিজেকে সেলিনার ভাই বলে পরিচয় দিয়েছেন। গত রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে তিনি সেলিনার সঙ্গে দেখা করেন। আবু সৈয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মোহাম্মদ সাচি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকার বাসিন্দা, পেশায় অটোরিকশাচালক। তাঁর দাবি, শৈশবে তাঁর বোনকে ঢাকায় নেওয়ার পর আর সন্ধান মেলেনি। আবু সৈয়দ বলেন, ডিএনএ রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হবে; তবে তিনি খুবই খুশি।

সেলিনাও আবেগের বশবর্তী না হয়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চান। এরই মধ্যে আবু সৈয়দের নমুনা সংগ্রহ করা হয়েছে, এখন ফলাফলের অপেক্ষা। সেলিনা বলেন, ‘আমি নেদারল্যান্ডসে একা আছি। আমি সত্যিই চাই, আমরা আবার যাতে একসঙ্গে হতে পারি।’ সেলিনা জানিয়েছেন, তিনি আরও প্রায় এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন।