শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ পাঁচজন ১ হাজার ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের অভিযানে সেওড়া মুন্সিবাড়ি এলাকা থেকে ইয়াবা কেনাবেচার প্রস্তুতির সময় ধরা পড়েন তাঁরা; সংগঠনটি বলছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ শহরে ইয়াবা কেনাবেচার প্রস্তুতির সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার কক্ষ থেকে তাঁদের ধরা হয়। এ সময় ১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা।

গ্রেপ্তারদের অন্য চারজন হলেন ত্রিশাল উপজেলার শাকির হোসেন (২৫), ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার জাকিরুল ইসলাম (৩২), জেলা সদরের ঘাগড়া ইউনিয়নের সজীব মিয়া (২০) এবং শহরের সারদা ঘোষ রোড এলাকার উৎসব সিং সাগর (২৮)। মনিরুল ইসলামের বয়স ৩০ বছর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, ওই বাড়ির একটি কক্ষে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে সাক্ষীদের সামনে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির উপপরিদর্শক মো. রিপন উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। বিকেলে আদালতের মাধ্যমে পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক বলেন, চক্রটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তাঁরা কোথা থেকে মাদক সংগ্রহ করতেন এবং কোথায় বিক্রি করতেন, সে বিষয়ে তাঁরা এখনো তথ্য দেননি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, মনিরুলের গ্রেপ্তারের বিষয়টি জানার পর তিনি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, কমিটি গঠনের সময় যাচাই-বাছাই করা হয়েছিল, কিন্তু মনিরুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এটি জানা ছিল না; ব্যক্তির দায় দল নেবে না।