চট্টগ্রামের কর্ণফুলীতে অনুমোদনহীনভাবে গ্যাস সিলিন্ডারের গোডাউন পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বলা হলেও শেষ পর্যন্ত কোনো সরঞ্জাম জব্দ বা গোডাউন সিলগালা করা হয়নি। এতে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ভূমিকা ও সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় মো. মিজানের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে গ্যাস স্থানান্তরের মেশিন, ট্রান্সফার ক্যাবল, স্টিকার, ওজন মাপার যন্ত্রসহ ২৬৯টির বেশি সিলিন্ডার পাওয়া যায়। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর এবং কম দামের ব্র্যান্ডের সিলিন্ডার থেকে বেশি দামের ব্র্যান্ডের সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করা হতো। এক কর্মচারী দৈনিক ৬০ থেকে ৭০টি সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের কথা স্বীকার করেন বলে ওই সূত্রগুলো জানিয়েছে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা ও অন্য কর্মকর্তারা কার্যক্রমকে অবৈধ ও অনিরাপদ বলে সিলিন্ডার ও সরঞ্জাম থানায় পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে। কিন্তু শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহর সঙ্গে আলোচনার পর বলা হয়, সেখানে কী কাজ হচ্ছিল তা তাঁরা দেখেননি, তাই ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত কিছুই জব্দ না করে অভিযান শেষ হয়।
প্রচলিত বিধান অনুযায়ী লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা ছাড়া গ্যাস স্থানান্তর বা মজুদ জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তার পরও কেন গোডাউন সিলগালা করা হলো না এবং সিদ্ধান্ত কেন বদলাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা জানান, অভিযোগের ভিত্তিতে তিনি অভিযান চালিয়েছেন, তবে নিজ চোখে অবৈধ কিছু দেখেননি। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট তাঁকে জানিয়েছেন অবৈধ কিছু পাওয়া যায়নি এবং অভিযোগের তথ্য সঠিক ছিল না। তবে সত্যিই অবৈধ কার্যক্রম চললে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন এবং নিজেই পুনরায় অভিযান চালাবেন বলে জানান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, খোঁজখবর নিয়ে অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।