জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে গত বুধবার দুপুরে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। শিক্ষক সাজেমান আলী ও তাজাম্মুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও আলোচনায় অংশ নেন।
বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের তাৎপর্য পৌঁছে দেওয়া জরুরি। এ বিষয়ে তাঁরা বিশেষ গুরুত্ব দেন।
আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।