বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। মানসম্পন্ন শিক্ষক, গবেষক ও দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তাঁর বক্তব্য, বিসিএস শিক্ষা ক্যাডার এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতার মানে পার্থক্য থাকা উচিত নয়। নিয়োগ পদ্ধতি আলাদা হলেও এনটিআরসিএর পরীক্ষার মান বিসিএসের সমপর্যায়ে উন্নীত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামো প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের অন্যতম সেরা ছিল। সেই অবস্থান ধরে রাখতে আধুনিক ল্যাবরেটরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভাগ কীভাবে চলছে, তা অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ জন্য আধুনিক ল্যাব ও গবেষণাসুবিধা গড়ে তোলার পরিকল্পনা চাওয়ার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও জোর দেন তিনি।
দক্ষ জনশক্তি তৈরিতে অ্যাভিয়েশন শিক্ষার সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পাইলটের চাহিদা রয়েছে। বাংলাদেশে তুলনামূলক কম খরচে পাইলট প্রশিক্ষণ, বিমানবন্দর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির সুযোগ আছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বুয়েটের গবেষণার জন্য ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, রসায়ন বিভাগ তাঁকে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণ করে সমস্যা সমাধানের শিক্ষা দিয়েছে। শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের বাইরেও দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার শিক্ষা পেয়েছেন বলে জানান তিনি। অনুষ্ঠানে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নকাজে ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী।