বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা এলাকায় স্থায়ী সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। যাতায়াতের একমাত্র ভরসা এখন একটি ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে কাঠের সাঁকো। শুধু পথচারীই নন, এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও মালবাহী যানবাহনের চালকেরাও এতে বিপাকে পড়েছেন।
সাঁকোটি অত্যন্ত সরু হওয়ায় এর ওপর দিয়ে কোনো ভারী বা মালবোঝাই যান চলতে পারে না। ফলে মালবোঝাই ভ্যান, অটোরিকশা বা পিকআপ নিয়ে চালকদের কয়েক কিলোমিটার বাড়তি পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে পরিবহন খরচ বাড়ছে, সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় কৃষকের কাঁচামালও নষ্ট হচ্ছে।
প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো পেরিয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। কাঠের পাটাতন নড়বড়ে হওয়ায় সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষ করে বর্ষায় নিচের প্রবল স্রোত আর পিচ্ছিল কাঠের কারণে পারাপারের আতঙ্ক কয়েক গুণ বেড়ে যায়। কোনো রোগী বা অন্তঃসত্ত্বা নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হলে অ্যাম্বুলেন্স বা গাড়ি গ্রামে ঢুকতে পারে না; এতে স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন রোকন, খোকন সরকার, জলি বেগম, মোনায়ারুল ইসলাম, নার্গিস বেগম ও ফকরে মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এখানে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের মতে, স্থায়ী সেতু হলে এলাকার যোগাযোগব্যবস্থার পাশাপাশি কৃষি, ব্যবসা ও শিক্ষায়ও নতুন গতি আসবে।
এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে। তবে নির্মাণ কবে শুরু হবে বা বরাদ্দ কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।