দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে প্রায় ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।
বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, ‘আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে আমরা নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করব।’
তিনি জানান, অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে; আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজও চলছে। কিছু এলাকায় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কোথাও কোথাও চলমান; তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় সময় লাগছে।
নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের পদক্ষেপ সম্পর্কে এডিজি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিক্যাল পদে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন; অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্যসচিব হবেন। কমিটি পরীক্ষার নীতিমালা ঠিক করবে, এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সরকারি কর্ম কমিশনের মানদণ্ড বজায় রাখা হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিক্যাল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ সরকারি কর্ম কমিশনের মাধ্যমেই হয় বলে জানান তিনি। অব্যবহৃত বা অচল যন্ত্রপাতি কার্যকরভাবে ব্যবহার ও সময়মতো মেরামত নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।