বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের অপসারণ চেয়ে মানববন্ধনে বাধা ও হামলার অভিযোগ

খামারবাড়িতে অধিদপ্তরের সামনে মানববন্ধন চলাকালে একদল ব্যক্তি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আয়োজকেরা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান তুহিনের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজধানীর খামারবাড়িতে মানববন্ধন করেছে ‘মঞ্চ ২৪’। কর্মসূচি চলাকালে একদল ব্যক্তি বাধা দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আয়োজকেরা।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে অধিদপ্তরের সামনে মানববন্ধন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই একদল ব্যক্তি কর্মসূচিতে বাধা দেয় এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন আজাদ পার্টির যুগ্ম মহাসচিব মো. ওয়ালী উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪-এর সভাপতি মারুফ সরকার এবং জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া।

এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক মো. শাহজামান বলেন, মঞ্চ ২৪ কারা, তা তিনি চেনেন না এবং সংগঠনটি তাঁদের সঙ্গে যোগাযোগও করেনি। তিনি উল্লেখ করেন, আগামীকাল প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হচ্ছে এবং প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন। এমন সময় মেলা ভণ্ডুল করতেই এ ধরনের মানববন্ধন করা হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। মহাপরিচালকের বিরুদ্ধে আয়োজকদের আনা অভিযোগের বিস্তারিত এখনো জানা যায়নি।