রাজশাহী নগরে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মহাসড়ক অবরোধ, ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণের পৃথক তিনটি ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে নগরের অভয়ের মোড় এলাকায় একদল বিক্ষোভকারী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার নেতাকর্মীরা নিজেদের ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় বিসিক-২–এর সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়কে ঝটিকা মিছিল হয়। কার্যক্রম নিষিদ্ধ পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে ৩০ থেকে ৩৫ জনের একটি দল মিছিলটি বের করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একই রাতে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় সড়কের ওপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। কারা এটি ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সড়কের ওপর দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই তিন ঘটনায় কাউকে আটকের তথ্য মঙ্গলবার সকাল পর্যন্ত জানা যায়নি।