রাজশাহীর বাঘা উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি ও নানা রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল খেজুর গুড় তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাঁদের কারখানা ধ্বংস করা হয়েছে।
আজ রোববার সকাল আটটার দিকে বাঘার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামে ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। এর আগে গত বৃহস্পতিবার একই উপজেলার রুস্তুমপুর গ্রামেও আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান রোববারের অভিযানের নেতৃত্ব দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরির কারখানা বসিয়ে দীর্ঘদিন ধরে চিনি, নানা রাসায়নিক দ্রব্য, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বাড়িতে অভিযান চালায়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান বলেন, তাঁরা কারখানায় খেজুরের গুড় তৈরি করছেন বলে দাবি করলেও তাতে একটুও খেজুরের রস ছিল না। অভিযানে কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে এবং জব্দ করা গুড়ও নষ্ট করে ফেলা হয়েছে।
শীত মৌসুম শুরুর মুখে খেজুরের রস ও গুড়ের চাহিদা বাড়ে। এই সুযোগে বাজারে নকল গুড় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই গুড় কেনার সময় ক্রেতাদের সতর্ক থাকতে এবং পরিচিত উৎস থেকে কিনতে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।