রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল

রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুর রহমানের স্মরণে শুক্রবার এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। বক্তারা মরহুম সাইদুর রহমানের সততা, নীতি-আদর্শ ও দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সাইদুর রহমান ছিলেন একজন আপসহীন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নবীন সাংবাদিকদের জন্য নির্ভরযোগ্য অভিভাবক। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

স্মরণসভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রবীণ সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী উপস্থিত ছিলেন। এছাড়াও দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা উপস্থিত ছিলেন।

রাজশাহী কলেজের সাবেক জিএস কাফিউল্লাহ সরকার বাচ্চু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুজ্জামান আনিস, ওয়ালিউর রহমান বাবু ও আব্দুল মুগনী নিরোসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, নির্বাহী সদস্য রাজীব আলী রাতুল ও রাউফ উদ্দিন রাফিসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।