গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মা-ও মারা গেছেন। ছেলের দাফনের পরপরই অসুস্থ হয়ে পড়েন মা, পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুজনকে পাশাপাশি দাফন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বড়দিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস ফকির (৫০) গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।
শনিবার সকাল ১০টায় ইলিয়াস ফকিরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর, বেলা ১১টার দিকে তাঁর মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে তাঁকে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। পরে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
এলাকাবাসী জানান, একসঙ্গে দুজনের মৃত্যু ও দাফনে পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। সড়ক দুর্ঘটনাটি কীভাবে ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।