বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষক সাময়িক অব্যাহতি

যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবেল আনছার সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি

ku
ছবি: সংগৃহিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর রুবেল আনছারকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা ডিসিপ্লিনের এক শিক্ষার্থী প্রফেসর রুবেল আনছারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে দাখিল করেন। অভিযোগটি ‘উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮’-এর আওতায় হওয়ায় ১২ আগস্ট কেন্দ্রের ১৬৫তম সভায় বিষয়টি আমলে নেওয়া হয়।

তদন্তের স্বার্থে সিদ্ধান্ত হয়, ১৩ আগস্ট থেকে অভিযোগের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অধ্যাপক রুবেল আনছারকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হবে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে ব্যক্তিগত ও অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, অশালীন প্রস্তাব দিয়েছেন, একান্ত সাক্ষাতের জন্য চাপ সৃষ্টি করেছেন এবং যৌন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।

গত ৭ আগস্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দেবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে নীতিমালা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।