শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লা থেকে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে সাতকানিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২, আহত অন্তত ৩০

শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদরাসার শিক্ষক-অভিভাবকদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল বাসে করে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। সাতকানিয়ার আঁধার মার দরগা ও কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় বলে একই সফরে থাকা অন্য বাসের যাত্রীরা জানিয়েছেন।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শিক্ষিকা সোহানা আফরোজ এবং সাখাওয়াত হোসেন ইসরাফিল, যিনি শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী। বুড়িচং উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাসযাত্রীদের বরাতে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতের সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে বলে প্রাথমিক তথ্যে বলা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি জানান, বাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন, শিক্ষা সফরের জন্য মাদরাসা কর্তৃপক্ষ তাঁদের কাছে কোনো অনুমতির আবেদন করেনি, মৌখিকভাবেও জানায়নি। এ বিষয়ে তিনি মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন।