রংপুরের বদরগঞ্জে একটি মুরগির খামার থেকে চুরির অভিযোগে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার খামারে তাঁকে মারধর করা হয়। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মকবুল হোসেন (২৭) দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা গ্রামে, যেটি বদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী। তাঁর স্ত্রী ও দুই মেয়ে আছে।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং মুমূর্ষু অবস্থায় মকবুলকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান। হাসপাতাল থেকে লাশ এনে থানায় রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য তা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, চোর সন্দেহে হাত-পা বেঁধে পেটানোর কারণে মকবুলের মৃত্যু হয়েছে; আঘাতে তাঁর পুরো শরীরে রক্তাক্ত জখম ছিল। রোববার সকালে চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের দুজন এলাকার প্রত্যক্ষদর্শী, বাকি দুজন খামারের চিকিৎসক সৈয়দ আসেফ আক্তার (২৮) ও গাড়িচালক শিহাব বাবু (২৪)। ওসি জানান, থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং আসেফ ও শিহাবকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
ওসি আরও বলেন, পুলিশের হেফাজতে থাকা আসেফ আক্তারের বরাত দিয়ে জানা গেছে, খামারে চুরির সময় নিরাপত্তাকর্মীরা মকবুলকে ধরে ফেলেন; তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যান। পরে নিরাপত্তাকর্মীসহ খামারের শ্রমিকেরা মকবুলকে গাছে বেঁধে পেটান। আসেফের দাবি, তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
খামারের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, খামারে ৩৮ হাজার মুরগি আছে এবং তিনি যত দূর শুনেছেন, মকবুল চুরি করতে গিয়ে ধরা পড়েন; প্রাচীর টপকে পালানোর সময় দেয়াল থেকে পড়ে তিনি আহত হয়েছিলেন বলেও তিনি জানান।