ঢাকা প্রতিনিধি
আবারও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইট। ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৮৮ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে আসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উড়োজাহাজটিতে ১৪৬ জন যাত্রী ছিলেন।
বিমানের সূত্র জানায়, গত বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৬ মিনিটে ব্যাংককের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজি-৩৮৮ ফ্লাইটটি। এটি পরিচালিত হচ্ছিল এস২–এএফএল রেজিস্ট্রেশনের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর, যখন উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমায় প্রবেশ করে, তখন পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করেন। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে পাইলট ফ্লাইটটি ফিরে আনার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বেলা ১টা ২১ মিনিটে উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, “ব্যাংককগামী ফ্লাইটটি এক ঘণ্টা উড়ে আবার ঢাকায় ফিরে আসে। প্রকৌশল বিভাগ ত্রুটির কারণ অনুসন্ধান করছে। যাত্রীদের আজ সন্ধ্যা ৬টা ২ মিনিটে আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংককে পাঠানো হয়েছে।” এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই বিকেল ৩টা ৩৩ মিনিটে দাম্মামের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও এক ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক সমস্যার কারণে ঢাকায় ফিরে আসে। সেটিও ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মানসম্পন্ন যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা জরুরি।