লোকসানের বোঝা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও দীর্ঘদিনের যান্ত্রিক ত্রুটির চ্যালেঞ্জ পেরিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নতুন আখ মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ মৌসুমে পুরোনো কারখানার পরিবর্তে ১০২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক বিএমআরই কারখানায় আখ মাড়াই করা হবে।
গত অর্থবছরে চিনিকলটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছিল ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা। এই লোকসান নিয়েই নতুন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনে মাঠে নেমেছেন মিল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। লোকসান কমাতে এবার আধুনিক পদ্ধতিতে আখ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং কঠোর ব্যয় সংকোচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎপাদনের লক্ষ্যমাত্রা
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের মাড়াই মৌসুমে পাঁচ হাজার ৮০২ একর জমির আখ মাড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কেরুর নিজস্ব জমি এক হাজার ৬৩৮ একর এবং কৃষকদের জমি চার হাজার ১৬৪ একর। এসব জমি থেকে ৮০ হাজার টন আখ সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা চার হাজার ৮০০ টন। মাড়াই মৌসুম চলবে ৫৮ থেকে ৫৯ দিন, চিনির গড় আহরণ হার ধরা হয়েছে ৬ শতাংশ এবং দৈনিক গড় মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৫০০ টন।
বিশেষজ্ঞদের মতে, পুরো মৌসুম যান্ত্রিক ত্রুটিমুক্তভাবে চালানো গেলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি লোকসানও উল্লেখযোগ্য হারে কমে আসবে। তবে আগের মতো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মাড়াইয়ের দিন বাড়ার পাশাপাশি চিনির আহরণ হার কমে যাওয়ার শঙ্কাও রয়েছে।
আখ রোপণ ও কৃষক
চলতি রোপণ মৌসুমে ছয় হাজার ৩০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রোপণ মৌসুম শুরু হয়েছে। এবার কেরুর নিজস্ব এক হাজার ৬২০ একর, কৃষকদের চার হাজার ৬৮০ একর এবং এসটিপি পদ্ধতিতে ৫৪৩ একর জমিতে আখ রোপণের পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ে চাষিদের উদ্বুদ্ধ করতে উঠান বৈঠক ও বিশেষ সভা করা হচ্ছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, সরকার কৃষকের স্বার্থে আখের মূল্য বাড়িয়েছে এবং বিভিন্ন ধরনের ভর্তুকি দিচ্ছে। সবার আন্তরিকতা ও নিজ নিজ কর্মদক্ষতা কাজে লাগালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং গত বছরের তুলনায় লোকসান বহুগুণ কমানো সম্ভব।