নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেতুর গার্ডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারচর-হাসান ভূঁইয়ার হাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহদাত হোসেন (১৯) পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। আবদুল করিম (১৭) একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শামীম (২২) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের বরাতে জানা গেছে, বিকেল চারটার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন। মোটরসাইকেলটি তাঁরা স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়া নিয়েছিলেন। একই এলাকার আরও কয়েকজন কিশোর ও তরুণ কয়েকটি মোটরসাইকেলে একই গন্তব্যে যাচ্ছিলেন। তিন বন্ধুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শামীম। দ্রুতগতিতে চলার সময় কাঞ্চন বাজার এলাকায় নতুন সেতু পার হওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা খায়।
এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন শামীমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসান বলেন, নিহত তিনজন বন্ধু ছিলেন এবং বেশির ভাগ সময় একসঙ্গে চলাফেরা করতেন। স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন জানান, আবদুল করিম আজই নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল; পরে তিনি জানতে পারেন, পরিবারের অজান্তে দুই বন্ধুকে নিয়ে সে ঘুরতে বেরিয়েছিল। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।