রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’ শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’ শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

ঢাকা, ১ আগস্ট ২০২৫:

গত ১ আগস্ট শুরু হয়েছে হলো সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী ‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’। ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলবে এই আয়োজন। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে অনুষ্ঠানমালা।

উৎসবে থাকছে গান, নাটক, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, শহীদদের স্মরণসভা, গ্রাফিতি ও শিল্প প্রদর্শনী, শিশুদের জন্য কিডস জোন, এবং আন্দোলনভিত্তিক স্মারক ও বইয়ের স্টল। আয়োজকদের ভাষ্যে, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম বলেন, “২০২৪ সালের আন্দোলনে আমরা শুধু সাংস্কৃতিক দল ছিলাম না, ছিলাম প্রতিবাদের কণ্ঠস্বর। সহপরিচালক আব্দুল্লাহ আল তাহিরের শহীদ হওয়া আমাদের গর্বের পাশাপাশি গভীর ব্যথারও স্মারক।”

উৎসব প্রতিদিন তিনটি অধিবেশনে বিভক্ত—সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী; এরপর স্মৃতিচারণ ও আলোচনা সভা; সন্ধ্যায় থাকবে সংগীত, নাটক, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘আয়নাঘর’ ভাবনানির্ভর প্রদর্শনী এবং ‘শহীদ মানচিত্র’—যেখানে আট বিভাগের প্রতীকী চিত্রায়নে ফুটে উঠবে আন্দোলনের স্মরণীয় মুহূর্তগুলো।

উৎসবে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।