রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীসহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির সূত্র জানায়, আওয়ামী লীগের ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতায় জড়িত থাকার অভিযোগে। গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানায়নি ডিএমপি।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাত থেকে বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া এবং পেট্রলবোমা ও ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে। নাশকতার অভিযোগে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ৩৮৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছিলেন ৩৮০ জন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
চলতি মাসের শুরু থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শনিবার ঢাকা ও গোপালগঞ্জসহ সাতটি জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তারদের কেউ দোষী সাব্যস্ত হননি; অভিযোগ আদালতে প্রমাণসাপেক্ষ।