যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন আদালত ভবনের (১০ তলা) সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কয়েকজন দুর্বৃত্ত শহরের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। যে মোটরসাইকেলে চড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনার পরপরই আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি লালদিঘির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। এ অভিযোগ নিয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি; ঘটনার দায় কেউ স্বীকার করেননি।