জার্মানিতে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এ জন্য ঢাকায় জার্মান দূতাবাস নতুন একটি ডিজিটাল ব্যবস্থা, অর্থাৎ কনস্যুলার সার্ভিসেস পোর্টাল চালু করছে।
দূতাবাস জানিয়েছে, আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই সমস্যা কমিয়ে প্রক্রিয়াটিকে গতিশীল করতেই নতুন ব্যবস্থা আনা হয়েছে। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা দূতাবাসে সরাসরি যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। ভিসা কেন্দ্রের মাধ্যমে আবেদন-সংক্রান্ত অন্যান্য কার্যক্রমও এর আওতায় থাকবে।
দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর পাশাপাশি ভিসা আবেদনপ্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করতেই এই উদ্যোগ। অ্যাপয়েন্টমেন্টের দিনে আবেদনকারী শিক্ষার্থীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং নথি যাচাই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালে আবেদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও জানতে পারবেন শিক্ষার্থীরা।
দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ যাঁরা ইতিমধ্যে আগের ব্যবস্থায় নিবন্ধন করেছেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে। আগের ব্যবস্থায় দীর্ঘদিন অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য এটি সাময়িক অসুবিধা তৈরি করতে পারে বলে দূতাবাস স্বীকার করেছে; তবে তাদের আশা, নতুন ব্যবস্থায় প্রক্রিয়া গতিশীল হবে এবং অপেক্ষার সময় কমে আসবে।
নতুন পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনের জন্য ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে ঢুকতে হবে। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও বিস্তারিত নির্দেশনা নতুন পোর্টাল এবং জার্মান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।