ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণের ওপর জোর দিলেন সাঈদ আল নোমান
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা প্রচারাভিযানে সংসদ সদস্য সাঈদ আল নোমান এ মন্তব্য করেন।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা প্রচারাভিযান' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি সকলকে বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সাঈদ আল নোমান উল্লেখ করেন যে, একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, নিজের ঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার অভ্যাসই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। তিনি সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিতভাবে একটি ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ার আহ্বান জানান।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও শফিকুর রহমান স্বপন, নগর বিএনপি সদস্য আবুল হাসেম ও মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।