আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে সাংস্কৃতিক উৎসব শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উৎসবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, বাউল, ভাটিয়ালি, জারি ও সারিগানের পাশাপাশি থাকবে পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানো এবং তরুণদের ব্যান্ড সংগীতের আয়োজন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে দুই দিনের ‘লোকজ সাংস্কৃতিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুলবর্ষ উপলক্ষে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদান পুনরুজ্জীবিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাঁর ভাষ্য, বাংলাদেশের সংস্কৃতি এখন সংকটময় সময় পার করছে; পাহাড় ও সমতলের সংস্কৃতিসহ দেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা দরকার। পৃষ্ঠপোষকতার অভাবে সংগীত, নৃত্য, কবিতা ও লোকজ সংস্কৃতির অনেক উপাদান বিকশিত হতে পারছে না। তিনি জানান, সাংস্কৃতিক খাত গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগ্রহী এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দিকনির্দেশনা দিয়েছেন।
নজরুলবর্ষ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের আয়োজন শেষ হয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ে নজরুলবর্ষের অনুষ্ঠান হবে। এ ছাড়া ২০২৭ সালের মে মাস পর্যন্ত কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান চলবে। যাত্রা, সার্কাস ও বিভিন্ন শিল্পকর্মসহ ঐতিহ্যবাহী ধারাগুলোকে সুস্থ ও রুচিশীলভাবে এগিয়ে নিতে তিনি সরকারের পাশাপাশি সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।