কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেছেন দলটির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকশ ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থল ভাঙচুর এবং প্রায় ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচি শুরু হয়। পরে তাঁরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, ওই এলাকায় তখন বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাঁরা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়; গোলাগুলির খবরও পাওয়া গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা সরে যান। এরপর অবরোধকারীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন এবং প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেন বলে অভিযোগ রয়েছে। নাওডোবা গোলচত্বরে একটি রেস্টুরেন্ট ও একটি খাবারের হোটেলেও আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে শোনা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটানোর আশঙ্কার খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্বে ছিল এবং পর্যাপ্ত বাহিনী মোতায়েন ছিল। সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো প্রাণহানি ছাড়াই তাঁদের প্রতিহত করা গেছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পুলিশ আলামত উদ্ধার করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি জানান।