তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে আগামী রোববার (১ নভেম্বর)। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠকে পোশাকশিল্পের নতুন মজুরি বোর্ড গঠন, বকেয়া মজুরি পরিশোধ ও শ্রমিক ছাঁটাইসহ নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত দুজন শ্রমিকনেতা জানান, আলোচনা শেষে মন্ত্রী বলেছেন, রোববার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ডে পাঠানো হবে। সেদিনই নতুন মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রী শ্রমিকনেতাদের কাছে বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নাম চান এবং শনিবারের মধ্যে নাম দেওয়ার তাগিদ দেন।
শ্রমিক ফেডারেশনের জোটগুলো মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে মনোনয়নের জন্য শ্রমিকনেতা বাবুল আখতার, তৌহিদুর রহমান ও সুলতানা আক্তারের নাম মন্ত্রীকে দিয়েছে।
বৈঠকে পোশাকশ্রমিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে একটি টাস্কফোর্স গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে শ্রমিকনেতারা জানান। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী পোশাকশ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে মালিক ও শ্রমিকনেতাদের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। কোনো কারখানা বন্ধ করতে হলে আগে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে বলেও তিনি জোর দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মন্টু ঘোষ, মোশরেফা মিশু, নাজমা আক্তার ও তসলিমা আখতার।