বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ওঁরাও জাতিগোষ্ঠীর গোয়ালপূজাকেন্দ্রিক ‘সোহরাই’ বা ‘ঝান্ডি’ উৎসব এ বছর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বিভিন্ন গ্রামে পালিত হয়েছে। তিন দিনের এ উৎসব শেষ হয়েছে গত মঙ্গলবার রাতে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কিনুপাড়া ফুটবল মাঠে হাজারো মানুষের সমাগম হয়েছে।
ওঁরাওরা জানান, রোববার সন্ধ্যায় বাড়ি, বাড়ির চারপাশ, তুলসীতলা, ধানখেত, বাঁশবাগান ও সমাধিস্থলে মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসব শুরু হয়। পরদিন সোমবার ছিল গোয়ালপূজা। এ দিন গবাদিপশুর বিশেষ যত্ন নেওয়া হয়, তাদের গোসল করিয়ে শিংয়ে তেল-সিঁদুর মাখানো হয় এবং ভাত রান্না করে খাওয়ানো হয়। হাল-লাঙল, দা-কোদাল, কাস্তের মতো কৃষি সরঞ্জাম পরিষ্কার করে চালের আটার গোলা ও সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। বাড়িঘর ধুয়েমুছে উঠানে আলপনা আঁকা হয় এবং গৃহ ও গো-দেবতার পূজা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে কিনুপাড়া মাঠে লম্বা বাঁশের মাথায় বড় একটি সাদা পতাকা উড়িয়ে ঝান্ডি উৎসবের আয়োজন করা হয়। বাঁশের গোড়ায় পূজা শেষে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে নারী-পুরুষের ঐতিহ্যবাহী নাচ-গান ও লাঠিখেলা। উৎসব ঘিরে মাঠে গ্রামীণ মেলা বসে, যেখানে মিঠাই-মণ্ডার পাশাপাশি চুড়ি, ফিতা ও গয়নার দোকান ছিল। মেলার পাশের মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণও হয়।
কিনুপাড়ার বাসিন্দা ও পার্বতীপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য লক্ষ্মী তিরকি বলেন, ওঁরাওদের গ্রামগুলোতে বাড়ি বাড়ি দীপাবলি ও গোয়ালপূজা আদিকাল থেকে হয়ে এলেও ২০০০ সাল থেকে কিনুপাড়া মাঠে সম্মিলিতভাবে ঝান্ডি উৎসব উদ্যাপিত হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতেই এ আয়োজন।
ওঁরাওদের ভাষা নিয়ে কাজ করা ও সাদরি ভাষায় প্রাথমিক স্তরের পাঠ্যবই প্রণয়নের সঙ্গে যুক্ত নেতা বঙ্গপাল সরদার জানান, কিনুপাড়া ছাড়াও নওগাঁর পোরশা উপজেলার নোনা হার ও নিয়ামতপুরের গোলমাসনা গ্রামের মাঠে ঝান্ডি উৎসবের আয়োজন হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ২০০ বছর আগে যাত্রা ওঁরাও নামে ওঁরাওদের এক শ্রদ্ধেয় নেতা ঝান্ডি উৎসব শুরু করেন। তিনি বলেন, কৃষিনির্ভর জীবন, গবাদিপশুর প্রতি কৃতজ্ঞতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এ উৎসবের মধ্য দিয়ে প্রকাশ পায়।