বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ, সরবরাহ হয়েছে ৭ কোটি ৬ লাখ টাকার

প্রথম ইউনিট থেকে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ দিয়ে মঙ্গলবার বিকেলে সরবরাহ বন্ধ করা হয়েছে; এখন যন্ত্রপাতির কার্যক্ষমতা বিশ্লেষণ চলছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় এ সময়ে কেন্দ্রটি মোট ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়া শুরু হয়। এই দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে সরবরাহ চলেছে প্রায় ৩০ ঘণ্টা।

দ্বিতীয় দফার সরবরাহ শেষে ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন পরিচালন সূচক, টারবাইন-জেনারেটর ব্যবস্থা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যক্ষমতা এখন বিশ্লেষণ করা হচ্ছে। সেই বিশ্লেষণের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি বলেন, এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রুশ অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

প্রকল্পসংশ্লিষ্টরা দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এ ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। একই সঙ্গে তাঁদের মতে, বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রেও এটি উল্লেখযোগ্য অর্জন।