রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাজশাহীর পরিচ্ছন্নতায় মুগ্ধ মিজানুর রহমান আজহারী, বললেন অন্য ৬৩ জেলার শেখার আছে

রাজশাহীর মাদ্রাসা মাঠে তাফসির মাহফিলে বক্তব্যের শুরুতেই শহরের পরিচ্ছন্নতার প্রশংসা করেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী শহরের পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়েছেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

মাহফিলের প্রধান বক্তা আজহারী বয়ানের শুরুতেই রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানান। এরপর শহরের পরিচ্ছন্নতার প্রশংসা করে বলেন, তিনি শুনেছেন রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও সবুজ শহর। আসার পথে নিজের চোখে দেখেও তাঁর তা-ই মনে হয়েছে।

অন্য জেলাগুলোর প্রসঙ্গে আজহারী আশা প্রকাশ করেন, রাজশাহীর মতো দেশের বাকি জেলাগুলোও যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে।

রাজশাহীর সঙ্গে নিজের পুরোনো স্মৃতিও তুলে ধরেন তিনি। আজহারী বলেন, ছোটবেলায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এবার আসার সময় দুই পাশে সারি সারি আমবাগান চোখে পড়েছে। রাজশাহীর কালাই রুটি ও রেশমের কথাও উল্লেখ করেন তিনি।

বিশাল এই মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মাহফিলে সভাপতিত্ব করেন।