আইসিসি উইমেন্স ইমার্জিং নেশন্স ট্রফির বাকি ম্যাচগুলোয় খেলতে পারবেন না বাংলাদেশ নারী দলের অধিনায়ক নাহিদা আক্তার। আঙুলের চোটে ছিটকে যাওয়া এই বাঁহাতি স্পিনারের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সোবহানা মোস্তারি।
বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পর থেকে নাহিদার সময়টা ভালো যাচ্ছে না। তাঁর অধিনায়কত্বে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টুর্নামেন্টের সেই প্রথম ম্যাচে পাকিস্তানের শাওয়াল জুলফিকারের শটে নাহিদার ডান হাতের তর্জনীতে আঘাত লাগে।
বিসিবির নারী ক্রিকেট বিভাগের ম্যানেজার বুলবুল বাশার জানিয়েছেন, পরীক্ষায় নাহিদার ডান হাতের তর্জনীতে ফ্র্যাকচার ধরা পড়েছে। তাঁর ভাষ্য, সাধারণত এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগে। ফলে নাহিদা এই টুর্নামেন্টের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন।
তবে নাহিদাকে দেশে ফেরত না পাঠিয়ে দলের সঙ্গেই রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় কোনো বদলি খেলোয়াড়ও নেওয়া হচ্ছে না। বুলবুল বাশার বলেন, বাঁহাতি স্পিন বোলিংয়ে বিকল্প হিসেবে দলে সানজিদা আক্তার মেঘলা আছেন।
প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে নাহিদাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন সোবহানা মোস্তারি। আগামী সোমবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।