বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং চাহিদার তুলনায় উদ্বৃত্ত তৈরির আশঙ্কায় দাম কমছে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ ডলার ৭১ সেন্টে নামে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৭৯ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। এর আগে সোমবার ব্রেন্টের দাম ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এবং ডব্লিউটিআই ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।
ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণাপ্রধান সুভ্রো সরকার বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলেও সরবরাহ পরিস্থিতি অনুকূল থাকায় ব্রেন্ট গত কয়েক দিনে ঊর্ধ্বমুখী গতি হারিয়েছে। বাজার ভবিষ্যতে সরবরাহ উদ্বৃত্তের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ভারসাম্য খুঁজছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় দাম আবার বাড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়; তাদের দাবি, ট্যাংকারগুলো নির্দেশনা অমান্য করেছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫০টি পর্যন্ত জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে বলেও জানা গেছে।