মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নিচ থেকে বের হলো আগুন, ইনানীতে তিন ইউনিটের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি

প্রাকৃতিক গ্যাস বলে ধারণা করা হচ্ছে; আগুনের আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ বসাতে গিয়ে মাটির নিচ থেকে আগুন বেরিয়ে এসেছে। প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। দুপুর একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ বসানোর কাজের সময় গ্যাসের আগুন বেরিয়ে আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতি হতে পারে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকার একজন ব্যক্তি সম্প্রতি ইনানী গ্রামের ছোট সেতু এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির কিছু জমি কিনেছেন। ১০ থেকে ১৫ দিন আগে সেখানে একটি গভীর নলকূপ খনন করা হয়। কিন্তু ৭০০ ফুট গভীরে গিয়েও খাবারের উপযুক্ত পানি পাওয়া যায়নি। পরে গতকাল সোমবার থেকে পাশের আরেকটি জায়গায় নলকূপ বসানোর কাজ শুরু করেন শ্রমিকেরা। আজ সকাল সাড়ে সাতটার দিকে সেই নলকূপ থেকে আগুন বেরিয়ে আসে।

স্থানীয় লোকজন প্রথমে বালু ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালায়। তাতে কাজ না হওয়ায় কক্সবাজার শহর থেকে আরেকটি ইউনিট আসে। তার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় জালিয়া পালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামশুল আলম বলেন, বেলা একটার দিকেও আগুন নেভানো যায়নি এবং আগুনের তীব্রতা বাড়ছে। তাঁর ভাষ্য, এই এলাকার মাটির নিচে গ্যাসের কোনো পাইপলাইন নেই, তাই ধারণা করা হচ্ছে এটি প্রাকৃতিক গ্যাস।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা জানান, আগুন বিদ্যুতের খুঁটির তারে লেগে ছড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।